শুক্রবার ৩১ জুলাই ২০২৬ - ১১:০১
সাবেক ইসরায়েলি জেনারেল: হয়তো আর ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী দেখতে পারব না

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং দেশটির সাবেক যুদ্ধ মন্ত্রিসভার সদস্য গাদি আইজেনকোট সতর্ক করে বলেছেন, গভীর অভ্যন্তরীণ সংকটের কারণে ইসরায়েল হয়তো ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আগেই ভেঙে পড়তে পারে। তার মতে, সমাজে ক্রমবর্ধমান সহিংসতা, হতাশা এবং ‘মিথ্যার সংস্কৃতি’র বিস্তার এই সংকটের স্পষ্ট লক্ষণ।

হাওজা নিউজ এজেন্সি: রাষ্ট্রায়ত্ত কান (KAN) রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে আইজেনকোট বলেন, ইসরায়েল বর্তমানে এমন এক সংকটময় সময় পার করছে, যা অতীতের ইহুদি রাষ্ট্রগুলোর পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়।

‘৮০ বছরের অভিশাপ’ নিয়ে সতর্কবার্তা
বর্তমান পরিস্থিতির সঙ্গে ইতিহাসের তুলনা করে আইজেনকোট বলেন, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং উগ্র ডানপন্থি গোষ্ঠীগুলো ইসরায়েলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, “রোমান আমলের ইতিহাস থেকে আমরা জানি, ‘সিকারি’ নামে পরিচিত উগ্র ইহুদি গোষ্ঠী কখনোই আমাদের সঠিক পথে নিয়ে যেতে পারেনি। অতীতেও ইসরায়েলি রাষ্ট্র ৮০ বছর পূর্ণ হওয়ার আগেই দুইবার ধ্বংস হয়েছে। ইতিহাস স্পষ্টভাবে দেখায়, এ ধরনের নেতৃত্ব এবং অযৌক্তিক ঘৃণা শেষ পর্যন্ত আমাদের কোথায় নিয়ে যায়।”

বাড়ছে হতাশা, মাদকাসক্তি ও সহিংসতা
সাক্ষাৎকারের উপস্থাপক শির রুভেন বলেন, ইসরায়েলি সমাজে হতাশা উদ্বেগজনক হারে বাড়ছে।

তার ভাষায়, “আমার প্রজন্মের অনেক তরুণই ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নয়। যাদের সুযোগ আছে, তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে। মাদকের ব্যবহার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, মানসিক রোগের ওষুধের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে এবং সড়ক ও জনপরিসরে সহিংসতা মারাত্মক আকার ধারণ করেছে। সমাজজুড়ে ভাঙনের অনুভূতি ছড়িয়ে পড়েছে।”

নিরাপত্তাহীনতার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমি এবং আমার আশপাশের অনেকেই মনে করি, যেন জানালাবিহীন একটি জাহাজের গুদামে আটকে আছি। আমরা শুধু চাই সমুদ্র শান্ত থাকুক, কারণ পরিস্থিতির ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।”

‘মানুষ চিৎকার করে বলছে—আমাদের বাঁচান’
আইজেনকোট বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন এলাকায় সফরের সময় তিনিও একই ধরনের মানসিক পরিস্থিতি প্রত্যক্ষ করেছেন।

তিনি বলেন, “সম্প্রতি যেসব সভায় অংশ নিয়েছি, সেখানে বারবার মানুষের মুখে একটি কথাই শুনেছি—‘আমাদের বাঁচান’। সমাজ যেন গভীর মানসিক আঘাতে আক্রান্ত। দেশের ভেতরে ও বাইরে আমরা অত্যন্ত জটিল এক সময় অতিক্রম করছি, আর এই পরিস্থিতি তরুণ প্রজন্মকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।”

সামাজিক সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “পেতাহ তিকভায় সামান্য তর্কের জেরে এক তরুণের হাতে আরেক তরুণের ছুরিকাঘাতে নিহত হওয়া সমাজের বর্তমান সংকটজনক অবস্থারই প্রতিফলন।”

‘মিথ্যার সংস্কৃতি’ নিয়ে সমালোচনা
আইজেনকোটের মতে, ইসরায়েলি সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের অবক্ষয়ের অন্যতম কারণ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্ব।

তিনি বলেন, “ইসরায়েলি সমাজে সবচেয়ে উদ্বেগজনক যে পরিবর্তনটি ঘটেছে, তা হলো মিথ্যার এক অসুস্থ সংস্কৃতির জন্ম। এমন একটি সংস্কৃতি, যেখানে কোনো সংকোচ ছাড়াই দিনকে রাত এবং রাতকে দিন বলে উপস্থাপন করা হয়।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha